tanaka
প্রচ্ছদজাতীয়কারাগারে থাকা সাংবাদিক দম্পতি শাকিল-রূপাকে সম্পদ বিবরণী জমার নির্দেশ

কারাগারে থাকা সাংবাদিক দম্পতি শাকিল-রূপাকে সম্পদ বিবরণী জমার নির্দেশ

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে তাদের সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তারা পৃথক কারাগারে থাকায় সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের নথিতে বলা হয়েছে, অনুসন্ধানে শাকিল আহমেদ ও ফারজানা রূপার নামে এবং বেনামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে দুজনের জন্য আলাদাভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করা হয়।

দুদকের পরিচালক (বিষয় ও তদন্ত-২) স্বাক্ষরিত পৃথক আদেশে নির্ধারিত ফরমে তাদের সম্পদের পরিমাণ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। শাকিল আহমেদের জন্য ০০৭২১৩ এবং ফারজানা রূপার জন্য ০০৭২১৪ নম্বরের সম্পদ বিবরণী ফরম দেওয়া হয়েছে।

দুদক আইন, ২০০৪-এর ২৬ ধারার উপধারা (১) অনুযায়ী ক্ষমতাবলে এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দিলে কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দিলে আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

কারাগারে পৌঁছাবে দুদকের আদেশ

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ পৌঁছে দিতে কনস্টেবল মো. জুয়েল মিয়া তাদের ঠিকানায় যান। তবে সেখানে তাদের পাওয়া যায়নি। ফলে আদেশপত্র ও মূল ফরম ফেরত আসে।

পরে দুদক জানতে পারে, শাকিল আহমেদ তেজগাঁও থানায় পুলিশের করা একটি মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

এ কারণে কারাগারে অবস্থানরত দুজনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, শাকিল আহমেদের জন্য জারি করা আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং ফারজানা রূপার আদেশ মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার-এর মাধ্যমে পৌঁছে দেওয়ার অনুমোদনের জন্য সংশ্লিষ্ট নথি উপস্থাপন করা হয়েছে।

দুদকের সংশ্লিষ্ট শাখা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে।