শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ এক ইনিংসেই গড়েছেন দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬৩ রানের ইনিংস খেলার পথে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। পাশাপাশি অ্যাওয়ে ও নিরপেক্ষ ভেন্যুতে ভারতীয় উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন পন্থ।
দ্বিতীয় সেশনের প্রথম বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেন পন্থ। এর মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪২ টেস্টে তার মোট রান দাঁড়ায় ২৯৪৮। একইসংখ্যক ম্যাচে শুভমান গিলের রান ২৯১৭। ফলে গিলকে ছাড়িয়ে তালিকার শীর্ষে উঠে গেলেন পন্থ।
এই তালিকায় ৪০ টেস্টে ২৭১৬ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। এরপর রয়েছেন রবীন্দ্র জাদেজা ও বিরাট কোহলি। ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে পন্থের পরেই রয়েছেন যশস্বী জয়সওয়াল। ৩০ টেস্টে তার সংগ্রহ ২৫৮৮ রান।
ধোনিকেও ছাড়িয়ে গেলেন পন্থ
শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই নয়, কলম্বোর ইনিংসের শুরুতেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন পন্থ। অ্যাওয়ে ও নিরপেক্ষ ভেন্যুতে নির্দিষ্ট উইকেটকিপার হিসেবে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি।
২৫০০ রান পূর্ণ করে পন্থ ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এই রেকর্ডে ধোনির সংগ্রহ ছিল ২৪৯৬ রান। পন্থের গড় প্রায় ৪২, যেখানে ধোনির গড় ছিল ৩২.৮৪।
জুরেলের দুর্দান্ত সেঞ্চুরি
এদিকে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত ৮ উইকেটে ৪৭৫ রান নিয়ে খেলতে নামে। দিনের শুরুতে ৯৫ রানে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল। বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের মাঠে নেমেই শতরান পূর্ণ করেন এই উইকেটকিপার-ব্যাটার।
শেষ পর্যন্ত ১৭৭ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন জুরেল। রবীন্দ্র জাদেজা করেন ৪৩ রান। এরপর ৯ উইকেটে ৫০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।



