বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা ব্যক্তিবৃত্ত থেকে জনগণের আঙিনায় এসেছে। সরকারের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, ডেল্টাগ্রামের একটি জাতীয় জনমত জরিপে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন।
বাংলাদেশের উন্নয়নে বিএনপির ৭০ থেকে ৭৫ শতাংশ অবদান রয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সরকারের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, ডলার ও রুপির বিপরীতে পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে টাকা শক্তিশালী অবস্থানে রয়েছে। বিনিময় হার স্থিতিশীল থাকলে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আস্থা বাড়তে পারে।
তিনি আরও বলেন, অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা একক মাসে সর্বোচ্চ।
ব্যাংক খাতের সংস্কার ও ঋণ আদায়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের অনুপাত ৩৫ দশমিক ৭৩ শতাংশ থাকলেও চলতি বছরের জুনে তা ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে।
বিদেশি ঋণ পরিশোধ প্রসঙ্গে কাদের গনি চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধ করেছে।
তিনি বলেন, সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও জবাবদিহির সংস্কৃতি দৃশ্যমান হয়েছে। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ সীমিত করা এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর ছোট করার উদ্যোগ রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারপ্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ কৃষক পরিবারের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সভায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদ সভাপতিত্ব করেন। এতে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী, প্রবাসী সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।



