ইথিওপিয়ার উত্তরাঞ্চলে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এরই মধ্যে টিপিএলএফ যোদ্ধারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে ইথিওপিয়ার সেনাপ্রধান অভিযোগ করেছেন, প্রতিবেশী ইরিত্রিয়া, সুদান ও মিসর টিপিএলএফকে সহায়তা করছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্সের চিফ অব দ্য জেনারেল স্টাফ ফিল্ড মার্শাল বিরহানু জুলা শুক্রবার ইরিত্রিয়ার বিরুদ্ধে টিপিএলএফকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ইরিত্রিয়া ও টিপিএলএফের সুদান ও মিসরের সমর্থনের প্রয়োজন হতে পারে। এর ফলে সংঘাতে বাইরের দেশগুলোর সম্পৃক্ততার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
কৌশলগত শহর দখলের দাবি
টিপিএলএফ ও ইথিওপিয়ার ফেডারেল বাহিনীর মধ্যে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত যুদ্ধ চলে। পরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় দুই পক্ষের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর তিগ্রাইয়ের রাজধানী মেকেলেতে প্রধানমন্ত্রী আবি আহমেদের প্রতি অনুগত হিসেবে বিবেচিত একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয়।
তবে শান্তিচুক্তির পরও দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কমেনি। মেকেলের রাজনৈতিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে টিপিএলএফের তৎপরতা অব্যাহত ছিল।
সাম্প্রতিক পরিস্থিতিতে টিপিএলএফ যোদ্ধারা উত্তরাঞ্চলীয় আফার অঞ্চলের কৌশলগত শহর এরেবতি দখল করেছে বলে দাবি করেছেন সংগঠনটির এক কমান্ডার। সোমবার অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি এ তথ্য জানান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কমান্ডার কথা বলেন।
টিগ্রাই পিস ফোর্সের এক কর্মকর্তাও এরেবতি শহরের নিয়ন্ত্রণ টিপিএলএফের হাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টিগ্রাই বিদ্রোহীদের একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে পরিচিত এই বাহিনী বর্তমানে আফার অঞ্চলে ফেডারেল সরকারের বাহিনীর সঙ্গে জোটবদ্ধ। তবে শহরটি দখলের সময় বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।
বাড়ছে আহতের সংখ্যা, বাস্তুচ্যুত বহু মানুষ
উত্তরাঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)।
সোমবার সংস্থাটি জানায়, কোরেম ও আলামাতা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ১৮০ থেকে বেড়ে ৪২০-এর বেশি হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের সুহুল হাসপাতালে প্রায় ৩০০ আহত মানুষ চিকিৎসা নিতে আসে বলে জানিয়েছে এমএসএফ।
আফার পশুপালক উন্নয়ন সমিতির সহপ্রতিষ্ঠাতা ভ্যালেরি ব্রাউনিং অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সাম্প্রতিক সংঘাতের কারণে প্রায় দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রতিবেশীদের সঙ্গে বাড়ছে উত্তেজনা
ইথিওপিয়ার ফেডারেল সরকার টিপিএলএফের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করতে ইরিত্রিয়ার সঙ্গে জোট গঠনের চেষ্টা করার অভিযোগ করেছে। একই সময়ে ইরিত্রিয়ার আসাব সমুদ্রবন্দরে সরাসরি প্রবেশাধিকার পাওয়ার জন্য প্রধানমন্ত্রী আবি আহমেদের প্রচেষ্টাকে কেন্দ্র করেও দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
তিগ্রাই অঞ্চলের সঙ্গে ইরিত্রিয়ার সীমান্ত রয়েছে। পাশাপাশি সোমালিল্যান্ডের ভূখণ্ড ব্যবহার করে সমুদ্রপথে প্রবেশাধিকার পাওয়ার জন্য ইথিওপিয়ার উদ্যোগ সোমালিয়ার সঙ্গেও দেশটির সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
ইথিওপিয়ার অভিযোগের জবাবে দেশটির বিরুদ্ধে চলমান সংঘাতের দায় অন্য দেশের ওপর চাপানোর অভিযোগ করেছে ইরিত্রিয়া। দেশটির তথ্যমন্ত্রী ইয়েমানে মেসকেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সমুদ্রপথে প্রবেশাধিকার পাওয়ার জন্য ইথিওপিয়ার বিভিন্ন উদ্যোগ ইরিত্রিয়া ও সোমালিয়ার মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তিনি সুদানের মিলিশিয়াদের সহায়তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করারও অভিযোগ করেন।
অন্যদিকে, ইথিওপিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সুদানের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে বাহিনীটির একজন মুখপাত্র দাবি করেন, বরং ইথিওপিয়াই সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত মিলিশিয়াদের সমর্থন দিচ্ছে। তার বক্তব্য মূলত র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দিকে ইঙ্গিত করে। ২০২৩ সাল থেকে আরএসএফ সুদানের সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাতে রয়েছে।
আগের সংঘাতের রেশ
এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিগ্রাই সংঘাতে ইরিত্রিয়ার সেনারা ইথিওপিয়ার সরকারি বাহিনীর সঙ্গে মিলে টিপিএলএফের বিরুদ্ধে লড়াই করেছিল।
ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাব অনুযায়ী, ওই সংঘাতে সহিংসতা, দুর্ভিক্ষ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার কারণে প্রায় পাঁচ লাখ বেসামরিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে নতুন করে শুরু হওয়া সংঘাতের পর পরিস্থিতি কতটা বিস্তৃত হবে এবং এতে আঞ্চলিক কোনো পক্ষ সরাসরি জড়িয়ে পড়বে কি না, তা এখনো স্পষ্ট নয়।



