ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে মিরপুরের ১১ ও ১২ নম্বরসহ পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের কারণে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। মিরপুর ছাড়াও সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। এসব এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
শ্রমিকদের চলমান অসন্তোষ নিরসনে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে নতুন এই বোর্ড গঠনের পরও শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রয়েছে।



