ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্ধ রাখা হবে শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা তাদের পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন।
ঢাবির স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ি— যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি— প্রবেশের অনুমতি পাবে। তবে অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা শিক্ষার্থী নন এমন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।



