tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাজ চালিয়ে যাবে ওমান

হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাজ চালিয়ে যাবে ওমান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওমান। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের শুরুতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে সংঘাত শুরু হয়েছে, তা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বাণিজ্যের ওপরও।

বদর আলবুসাইদি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি নিরাপত্তা, তেলের দাম এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর আস্থার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনক্লস) অনুযায়ী হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে ওমান প্রতিশ্রুতিবদ্ধ।

প্রণালিটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের নেওয়া উদ্যোগে সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নির্ভরশীল দেশগুলোর স্বার্থও বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতি বিরোধের অবসান ঘটিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান বদর আলবুসাইদি। তাঁর মতে, এ ধরনের একটি রাজনৈতিক সমঝোতা চলমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি টেকসই পথ তৈরি করতে পারে।

এ সময় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতিও ওমানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

ইয়েমেন প্রসঙ্গেও ওমানের অবস্থান তুলে ধরেন বদর আলবুসাইদি। তিনি দেশটির রাজনৈতিক সমাধানের প্রতি ওমানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, এমন একটি সমঝোতা প্রয়োজন, যা ইয়েমেনের ঐক্য, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে।

ইয়েমেনের সার্বভৌমত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্ক সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি