ভারত প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না এবং যুদ্ধও তাদের লক্ষ্য নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে পাকিস্তানকে সতর্ক করেছেন তিনি।
এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাসী। তবে কেউ যদি ভারতের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা হিসেবে বিবেচনা করে, সেটি হবে বড় ভুল।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো যতক্ষণ সন্ত্রাসবাদের পথ থেকে সরে না আসবে, ততক্ষণ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারত দ্বিধা করবে না। তার বক্তব্যে মূলত পাকিস্তানের প্রসঙ্গই উঠে আসে।
২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলার জবাব ভারত আগেও দিয়েছে। সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের অবস্থান ধ্বংস করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
রাজনাথ সিং আরও বলেন, যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষপাতী ভারত। কিন্তু কোনো দেশ যদি সন্ত্রাসবাদকে অব্যাহতভাবে সমর্থন বা লালন করে, তাহলে আলোচনার সুযোগও আর থাকবে না।
জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ক্ষেত্রে ভারত কোনো আপস করবে না বলেও স্পষ্ট করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: এনডিটিভি।



