দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ হতাহতের এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপের একটি পানশালায় হামলার ঘটনা ঘটে। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৭ জনকে মৃত অবস্থায় পান।
হামলার পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, প্রায় আটজন সন্দেহভাজন এ ঘটনায় জড়িত থাকতে পারে। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের বর্ণনা অনুযায়ী, বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তারা পানশালার ভেতরে প্রবেশ করে সেখানে থাকা ব্যক্তিদের ওপরও গুলি চালায়। এ সময় কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ।
হামলার পর দুটি অজ্ঞাত গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে যায় সন্দেহভাজনরা। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মাত্র এক সপ্তাহ আগে ডারবানের দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে জুনে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় আরও ১২ জন নিহত হন।
পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যার শিকার হয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন



