tanaka
প্রচ্ছদজাতীয়সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্রিফিং ডেকেছে ডিএমপি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্রিফিং ডেকেছে ডিএমপি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানিয়েছে, মানিকদির নিউগিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এর আগে সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, হামলায় তার স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন রয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, তার স্টুডিও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ঘটনার কারণ সম্পর্কে সালমান মুক্তাদিরের দাবি, নিউগিনি প্রপার্টিজের জমির মালিকের সঙ্গে চাঁদাবাজি-সংক্রান্ত কোনো বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। তার ভাষ্য অনুযায়ী, অন্য একটি স্থাপনা বা সম্পত্তি লক্ষ্য করে হামলা চালানোর সময় তার স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য পাওয়ার কথা রয়েছে।

ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সালমান মুক্তাদির বলেন, তিনি এ ঘটনার পর আরও বড় পরিসরে কাজ করবেন।