বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বৈষম্য দূর করার নামে যেন নতুন কোনো বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভোটার যদি প্রার্থীকে না চেনে, তবে ভোট দেবে কিভাবে? দেশের মানুষ দল, ব্যক্তি ও প্রতীকের ভিত্তিতেই ভোট দেয়। এখন একমাত্র দাবি হলো যথাসময়ে নির্বাচন। দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজবে।
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উদ্দেশে গয়েশ্বর আহ্বান জানান, ভবিষ্যতের স্বার্থে অন্যের ঘুঁটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন বিদেশে থেকেও আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তারেক রহমান কোনো ভুল করেননি। ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় তিনি সঠিক নেতৃত্ব দেবেন।
সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মাহবুব আলম মামুন, সিরাজুল ইসলাম, ইশা খান ও জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা।



