tanaka
প্রচ্ছদজাতীয়ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সুষ্ঠু ভোটে সব প্রস্তুতি সম্পন্ন, বললেন সিইসি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সুষ্ঠু ভোটে সব প্রস্তুতি সম্পন্ন, বললেন সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে স্থাপিত মনিটরিং সেল পরিদর্শন করেন সিইসি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের প্রস্তুতির কথা জানান।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কমিশন আশাবাদী। তার ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও বিদেশে যেভাবে প্রশংসিত হয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও তেমন প্রশংসা পাওয়ার প্রত্যাশা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের পরিকল্পনার কথাও জানান সিইসি। তিনি বলেন, ভোট চলাকালে মাঠপর্যায়ের পরিস্থিতি রিয়েল টাইমে নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বর্তমানে নির্বাচনি এলাকার পরিবেশ ভালো রয়েছে বলেও জানান তিনি।

উপনির্বাচন সামনে রেখে রোববার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, ভোটের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে মোতায়েন থাকবেন।

ইসির তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার শেষ হয়েছে। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এ উপনির্বাচনে দেশের ভেতরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রমও শুরু করেছে ইসি। ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।