চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন।
উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে অংশ নেন ডা. আউয়াল। পিকিং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ডা. তৌহিদুর রহমান আউয়াল পান সর্বোচ্চ ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পান ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পান ৫ ভোট।
অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আউয়াল বলেন, এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, তাদের দেওয়া আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।
ডা. আউয়ালের দাবি, অন্যান্য দেশের প্রতিনিধিরাও বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।



