tanaka
প্রচ্ছদসারাদেশঅনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণ এবং বিচারিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলের হলরুমে সিলেট বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার অধস্তন আদালতের বিচারকরা দ্রুত ও কার্যকরভাবে বিচারিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। প্রধান বিচারপতি এসব সমস্যা গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আদালতের প্রতিটি কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মামলার চাপ মোকাবিলায় বিভাগীয় শহরগুলোতে প্রয়োজন অনুযায়ী ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি।

এ ছাড়া সাক্ষ্য গ্রহণ, আসামি হাজির করা এবং বিচারিক কার্যক্রমের অন্যান্য ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী।

এ সময় সিলেট বিভাগের চার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।