আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত জেলার সাতটি থানায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ জন, মাদক কারবারি, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি ২৭ জন এবং মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জন রয়েছেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে থানাভিত্তিক অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ফতুল্লা মডেল থানা পুলিশ ৪৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া বন্দর থানায় ১৮ জন, সোনারগাঁও থানায় ১৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, সদর মডেল থানায় ৬ জন, রূপগঞ্জ থানায় ১ জন এবং আড়াইহাজার থানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী বলেন, জেলার বিভিন্ন এলাকায় মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।



