tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে আরএসএসের শাখা দ্বিগুণের লক্ষ্য, বদল আসছে সাংগঠনিক কাঠামোয়

পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা দ্বিগুণের লক্ষ্য, বদল আসছে সাংগঠনিক কাঠামোয়

ভারতের পশ্চিমবঙ্গে সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। শাখার সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজ্যের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে সংগঠনটি। এরই মধ্যে আগামী ৮ অক্টোবর বর্ধমানে একটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত।

সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারপ্রমুখ বিপ্লব রায়ের তথ্য অনুযায়ী, মে মাসের আগে রাজ্যে আরএসএসের শাখার সংখ্যা ছিল প্রায় ৫ হাজার। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্যে তা ১০ হাজারে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি আয়োজনের মাধ্যমে নতুন সদস্য ও স্বয়ংসেবকদের সংগঠনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ থাকবে।

শাখা বৃদ্ধির পাশাপাশি রাজ্যে আরএসএসের প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে তিনটি প্রান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হলেও নতুন ব্যবস্থায় পাঁচটি সম্ভাগ গঠনের প্রস্তাব করা হয়েছে। উত্তরবঙ্গ, নবদ্বীপ, বর্ধমান, মেদিনীপুর ও কলকাতাকে কেন্দ্র করে এসব সম্ভাগের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংঘ সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশেও বর্তমান প্রান্তভিত্তিক কাঠামোর পরিবর্তে আরও বেশি সম্ভাগ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংগঠনের কার্যক্রমকে আরও স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়াই এই পুনর্বিন্যাসের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৮ অক্টোবর বর্ধমানে মোহন ভাগবতের সফরেও রাজ্যে সংগঠনের বিস্তার এবং প্রস্তাবিত নতুন কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাড়াতেও পৃথক কর্মসূচি নিয়েছে আরএসএস। আগামী ২ ও ৩ অক্টোবর কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে সংখ্যালঘু নাগরিক ফোরামের ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সংখ্যালঘু নাগরিকদের সঙ্গে সংগঠনের যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তার প্রসার নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে কলকাতায় আরএসএসের অবকাঠামোও সম্প্রসারিত হয়েছে। শনিবার নিউটাউনে সংগঠনের নতুন কার্যালয় ‘কেশব স্মৃতি’র উদ্বোধন করেন আরএসএসের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে। সংঘের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কার্যালয়টি সংগঠনের ক্রমবর্ধমান কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক হবে।

এতদিন উত্তর কলকাতার অভেদানন্দ রোডের ‘কেশব ভবন’ থেকেই কলকাতাসহ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো। নতুন কার্যালয় চালু হওয়ায় বিভিন্ন বৈঠক ও কর্মসূচি আয়োজনের পাশাপাশি বাইরে থেকে আসা সংগঠনের পদাধিকারীদের থাকার ব্যবস্থাও সহজ হবে বলে জানিয়েছে সংঘ।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে আরএসএসের সাংগঠনিক তৎপরতা সম্প্রসারণের এই ধারাবাহিক উদ্যোগ সংগঠনটির ভবিষ্যৎ বিস্তারের পরিকল্পনাকে আরও স্পষ্ট করছে।