tanaka
প্রচ্ছদজাতীয়নারীদের যাতায়াতে দ্রুত চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের যাতায়াতে দ্রুত চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এ সংখ্যা অপ্রতুল বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত পিংক বাস চালুর উদ্যোগের কথা জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে নারীদের যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়। দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন সড়ক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাসম্ভব সরলরেখায় সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন।

এ ছাড়া বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগ দেন।