জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদের বিচার হবে এবং এ বিষয়ে কোনো গোপনীয়তা নেই।
রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। দেশে ফ্যাসিবাদকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার উপযুক্ত আদালতেই হবে এবং এমন বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা হবে, যাতে তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন মো. জয়নুল আবেদিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মজিবর রহমান সরওয়ার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ।



