কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় ত্রুটি দেখা দেওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করেছে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের রানওয়ে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটির উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পর একটি চাকায় ত্রুটি ধরা পড়লে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
প্রাথমিকভাবে উড়োজাহাজটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেলেও পরে জানা যায়, চাকাটি বিচ্ছিন্ন হয়নি; সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।
জ্বালানি কমাতে আকাশে চক্কর
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমানোর জন্য জ্বালানি পুড়িয়ে নেওয়ার পাশাপাশি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করার প্রয়োজন হয়। এ কারণে পাইলটকে কিছু সময় আকাশে চক্কর দিতে হয়।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। ওই সময় প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল উড়োজাহাজটি।
এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে ওই সময় রানওয়ে ব্যবহার করে কোনো উড়োজাহাজের উড্ডয়ন বা অবতরণ সম্ভব হয়নি।
ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার কর্মীদের প্রস্তুত রাখা হয়।
পরে পাইলট ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি নিরাপদে রানওয়েতে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।



