বলিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা মুম্বাইয়ের লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পর তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর দুর্ঘটনার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে কারিশমা নিজেই দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি লিখেছেন,
“গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেনে উঠেছিলাম। ট্রেন ছেড়ে দেওয়ার পর গতি দ্রুত বেড়ে যায়। আমি দেখি আমার বন্ধুরা ট্রেন ধরতে পারেনি। আতঙ্কে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাই।”
অভিনেত্রী জানান, তার পিঠে প্রচণ্ড ব্যথা, মাথায় ফোলা এবং শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে এমআরআই করাতে বলেছেন এবং মাথার আঘাত কতটা গুরুতর তা নিশ্চিত হওয়ার জন্য তাকে একদিন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারিশমা আরও লিখেছেন,
“গতকাল থেকে আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি, তবে আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য অমূল্য।”



