tanaka
প্রচ্ছদসারাদেশকাজ দিয়েই জনগণের আস্থা অর্জন করতে চাই: ব্যারিস্টার কায়সার কামাল

কাজ দিয়েই জনগণের আস্থা অর্জন করতে চাই: ব্যারিস্টার কায়সার কামাল

গতানুগতিক রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে নিজের কাজের মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে চান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে এলাকার মানুষের জন্য দৃশ্যমান উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য।

রোববার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি ও সমমানের ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং পঞ্চম ও অষ্টম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততা প্রয়োজন। বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতৃত্ব উঠে আসতে পারে।

তিনি বলেন, তিনি গতানুগতিক এমপি হিসেবে পরিচিত হতে চান না। বরং কাজের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি করতে চান, যাতে এলাকার মানুষ গর্বের সঙ্গে বলতে পারেন—তাদের নির্বাচিত প্রতিনিধি মানুষের জন্য দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ কাজ করেছেন।

এলাকার উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নির্মাণকে বোঝায় না উল্লেখ করে তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, সেগুলোর শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; তাদের সততা, নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধও শেখাতে হবে। পেশাগত জীবনে বড় সাফল্য অর্জন করলেও মানবিক গুণাবলি ছাড়া সেই সাফল্য পূর্ণতা পায় না।

লিও টলস্টয়ের How Much Land Does a Man Need? গল্পের প্রসঙ্গ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের প্রয়োজন ও লোভের পার্থক্য বোঝার পরামর্শ দেন। তার মতে, জীবনে সফল হওয়ার পাশাপাশি সততাও ধরে রাখতে হবে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদকে প্রকৃত সাফল্য বলা যায় না।

মাদককে তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে কায়সার কামাল বলেন, তিনি কেবল বিএনপির এমপি হিসেবে নয়, এলাকার সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। মানুষের দলীয় পরিচয় বিবেচনা না করে সবার কল্যাণে কাজ করাই তার লক্ষ্য।

দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন নিয়ে তিনি শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান। সব উন্নয়নকাজ একসঙ্গে করা সম্ভব না হলেও মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং পঞ্চম ও অষ্টম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মোট ৭৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন ব্যারিস্টার কায়সার কামাল।