ব্যাপক আর্থিক অনিয়ম, অর্থপাচার ও ব্যাংক খাতের কাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি আয়োজিত ‘বাংলা কিউআর’ লেনদেন প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ব্যাংকিং খাতে অর্থপাচার ও অনিয়মের ভয়াবহতা তুলে ধরে গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় তিনি দেখেছেন, ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গেছে। তাঁর মতে, বিপুল এই অর্থ দিয়ে দেশের দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব ছিল। এমনকি পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্পও নির্মাণ করা যেত।
ব্যাংক খাতে তারল্য সংকট তৈরির পেছনে দায়ীদের সমালোচনা করে মোস্তাকুর রহমান বলেন, সংঘটিত অপরাধের ব্যাপকতা বোঝানোর জন্য প্রচলিত শব্দও যথেষ্ট নয়। জনগণের অর্থ আত্মসাতের ঘটনাকে সাধারণ চুরি হিসেবে দেখার সুযোগ নেই; এটি ছিল ব্যাপক লুটপাট।
গভর্নর জানান, আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। ওয়ান ব্যাংক পিএলসি এই সেবা চালু করেছে শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা এবং ক্যাম্পাসে নগদ টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত কিছু লেনদেন সহজেই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন।
ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, আর্থিক সেবা যখন মানুষের দৈনন্দিন জীবনে আরও সহজে ব্যবহার করা যায়, তখনই ডিজিটাল রূপান্তর কার্যকর হয়ে ওঠে। ইউআইইউতে বাংলা কিউআর চালুর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কেও তাঁদের সচেতনতা বাড়বে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ভিশন বাস্তবায়ন এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই ইউআইইউর সঙ্গে এ অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে।
এর আগে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক খাতে উদ্ভাবন এবং ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্যোগ ও দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার উন্নয়নে এর ভূমিকা নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। উদ্যোগটির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আউটলেটেও নগদবিহীন লেনদেনের ব্যবস্থা চালু করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ওয়ান ব্যাংক ও ইউআইইউর এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ক্যাম্পাসে নগদবিহীন পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণে সহায়তা করবে।



