ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ লক্ষ্যে রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় দিল্লির যন্তর মন্তরের দিকে মিছিল করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতা অজিঙ্কা শিন্ডে।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শিন্ডে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না। বাড়িও ফিরবেন না। সরকারের বিরুদ্ধে আগের আন্দোলনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, গতবার যেভাবে তাঁরা সরকারের ঔদ্ধত্য ভেঙে দিয়েছিলেন, এবারও একইভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন।
বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিন্ডে। এ সময় শনিবার দিনভর দিল্লিতে ঘটে যাওয়া ঘটনাবলির সমালোচনা করে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা জরুরি অবস্থার সময়কার পরিস্থিতিকেও ম্লান করে দিয়েছে বলে তাঁর মনে হয়েছে।
শিন্ডে বলেন, তাঁরা যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলেন। তাঁদের দাবি ছিল ভোটাধিকার নিশ্চিত করা।
এদিকে, সিজেপি নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার পর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন শিন্ডে।
দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশ আইনের আওতায় প্রায় তিন হাজার মানুষকে আটক করা হয়েছিল। তবে সন্ধ্যার মধ্যে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, চলমান পরিস্থিতির মধ্যে ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া সোমবার দিল্লিতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলন কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।



