tanaka
প্রচ্ছদসারাদেশসশস্ত্র গোষ্ঠী সরানোর দাবিতে সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের অবরোধ

সশস্ত্র গোষ্ঠী সরানোর দাবিতে সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবস্থানরত সশস্ত্র ব্যক্তিদের সরিয়ে নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি দেওয়ার প্রতিবাদে রোববার (১১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে দুটি সংগঠন। সাজেক পর্যটন সড়কে এ কর্মসূচি পালন করবে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানায়, পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও তাদের দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছে। এ কারণে রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবরের একটি সমাবেশ থেকে সাজেকে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসন কার্যকর উদ্যোগ নেয়নি বলে দাবি করেছে সংগঠন দুটি।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জেএসএসের নামে একটি সশস্ত্র দল সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং স্থানীয় বাসিন্দাদের নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিবাদকারীদের দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হয়েছে বলেও দাবি করা হয়।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই তাঁরা অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে আয়োজকরা। তবে জরুরি সেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহ বহনকারী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের যানবাহন, সংবাদপত্রবাহী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের বাইরে রাখার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের বিষয়ে আয়োজকেরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে রোববার সকাল থেকে কর্মসূচি পালনের কথা তাঁরা শুনেছেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। শনিবার থেকে এলাকায় টহলও বাড়ানো হয়েছে। ওই দিন যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, সাজেকে সড়ক অবরোধের কর্মসূচির খবর প্রশাসনের কাছে এসেছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় শনিবার সকালেই পর্যটকেরা সাজেক ছেড়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।