বিয়ের পর থেকেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন একাধিকবার ছড়ালেও এ বিষয়ে এতদিন নীরব ছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। অবশেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজেরাই সুখবরটি জানিয়েছেন অনুরাগীদের।
ইনস্টাগ্রামে সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন দম্পতি। সেখানে দেখা যায়, ক্যাটরিনার স্ফীতোদর আগলে রয়েছেন ভিকি কৌশল। ক্যাপশনে লেখা হয়েছে— “একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওম।”
পোস্টটি প্রকাশের পরই বলিউড সহকর্মীদের শুভেচ্ছায় ভরিয়ে তোলেন দম্পতি। অভিনন্দন জানিয়েছেন সোনাম কাপুর, নেহা ধুপিয়া-সহ অনেক তারকা।
এর আগে গত জুলাই মাসে আলিবাগ ভ্রমণে ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনাকে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তে দেখা যায়, তখন থেকেই তার মা হওয়ার জল্পনা আরও তীব্র হয়।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী অক্টোবরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে কৌশল পরিবারে নতুন অতিথি আসতে পারে। তবে সন্তান জন্মের নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখনও কিছু জানাননি ক্যাটরিনা-ভিকি।



