জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশকে প্রত্যাখ্যান করেছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ থাকা আওয়ামী লীগ। রায় ঘোষণার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ প্রতিক্রিয়া জানান সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, “আজ যে রায় ঘোষণা করা হয়েছে, বাংলার জনগণ তা প্রত্যাখ্যান করেছে। এ রায় মানুষ মানে না, মানবে না।” নানক আরও অভিযোগ করেন, “অবৈধ আদালত মামলাটি ১৪ আগস্ট থেকে ১৭ নভেম্বরের মধ্যে শেষ করেছে। ৮৪ সাক্ষীর মধ্যে মাত্র ৫৪ জনকে হাজির করা হয়েছে। দুই মাসে আদালত কার্যক্রম চলেছে মাত্র ২০ দিন, তাও প্রধান বিচারক এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।”
তিনি ঘোষণা দেন, অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ডাক দেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রোববার ও সোমবারও শাটডাউন কর্মসূচি পালন করে নিষিদ্ধ আওয়ামী লীগ।



