বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট হয়েছে। তার ভাষায়, ‘ফ্যাসিস্ট শক্তি যতই প্রভাবশালী হোক বা যত দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে ব্যবহার করুক, শেষ পর্যন্ত তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।’
সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট না হলেও এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি ধাপ। একই সঙ্গে এটি ভবিষ্যতের জন্য একটি নজির—যাতে কেউ আর ফ্যাসিবাদী রাষ্ট্র গঠনের পথে না হাঁটে, কিংবা ফ্যাসিস্ট আচরণে উৎসাহ না পায়।’
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলার অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন।



