tanaka
প্রচ্ছদরাজনীতিবাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে সংস্থাটিকে আরও কার্যকরভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা জানান।

সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

এ সময় জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার বা রিফর্ম নিয়েও আলোচনা হয়। দেশের প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে চলমান সংস্কারপ্রক্রিয়ায় বিভিন্ন অংশীজনের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন তারা।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে বলেন, সরকারের চলমান কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।

অন্যদিকে, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।