স্বাধীন-সার্বভৌম একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কমিশন ‘মেরুদণ্ডহীন’ হয়ে পড়েছে। তাদের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এরই মধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলেও তিনি দাবি করেন।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তার দল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করলেও অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত নয়। একই সঙ্গে তিনি সরকারকে শান্ত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের, ধরে রাখা আরও কঠিন: শফিকুর রহমান
এদিকে একই দিন নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।
অনুষ্ঠানে তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটির তালিকায় স্থান করে নিয়ে অ্যাক্রেডিটেশন অর্জন করা নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে এ অর্জন ধরে রাখা এবং এর মর্যাদা অক্ষুণ্ন রাখা আরও কঠিন দায়িত্ব।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ।
এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।



