tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকদাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। নিহতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং।

বৃহস্পতিবার ভোররাতে সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গাড়িটি এতটাই দুমড়েমুচড়ে যায় যে ভেতরে থাকা চারজনই ঘটনাস্থলে মারা যান।

পুলিশ জানিয়েছে, নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমন গুপ্ত ও বংশিকা খান্ডেলওয়াল। ভোররাতে চারজন একটি সাদা রঙের গাড়িতে করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি।

সংঘর্ষের অভিঘাত ছিল এতটাই তীব্র যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং সেটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। গাড়িতে থাকা চারজনই ভেতরে আটকা পড়েন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ৩টার দিকে। আগের রাত থেকেই ট্রাকটি বিকল হয়ে সড়কের ডান পাশে, ডিভাইডারের কাছাকাছি দাঁড়িয়ে ছিল। বিকল ট্রাকটি সরানো সম্ভব না হওয়ায় অন্য যানবাহনের চালকদের সতর্ক করতে এর পেছনে একটি গাছের ডাল রাখা হয়েছিল বলে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে। তবে সেখানে কোনো প্রতিফলক চিহ্ন বা পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল না বলে জানা গেছে।

দুর্ঘটনার পর গাড়ির ভেতর থেকে চারজনকে বের করতে উদ্ধারকারীদের গ্যাস কাটার ব্যবহার করতে হয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন জানিয়েছেন, গাড়িতে থাকা চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। কী কারণে এবং ঠিক কী পরিস্থিতিতে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে মন্ত্রীর মেয়েসহ চারজনের মৃত্যুর ঘটনায় ঝাড়খণ্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, সন্তান হারানোর কষ্ট কোনো বাবা-মায়ের পক্ষেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব দৃশ্যে চার লেনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে গাড়িটিকে প্রায় সম্পূর্ণ চূর্ণ অবস্থায় দেখা যায়।

ভয়াবহ এই দুর্ঘটনা রাতের বেলায় সড়কে বিকল যানবাহন পড়ে থাকলে চালকদের সতর্ক করতে পর্যাপ্ত আলোকসজ্জা, প্রতিফলক চিহ্ন ও অন্যান্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকেও সামনে এনেছে।