বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থার মধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কেনার আগ্রহ বাড়ছে। বাংলাদেশ, তুরস্ক, চীন, ভারত ও ফিলিপাইনসহ কয়েকটি দেশের বিমান সংস্থা সম্প্রতি বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে অথবা ক্রয়াদেশের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজের চাহিদা আবারও আলোচনায় এসেছে।
বাংলাদেশের আরও ১১ উড়োজাহাজের অর্ডার
যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন এ চুক্তির ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট উড়োজাহাজ কেনার পরিকল্পনা ২৫টিতে দাঁড়াবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগের অংশ হিসেবে নতুন চুক্তিটি সই হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এটিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
বোয়িং জানিয়েছে, বিমানের নতুন অর্ডারে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ বর্তমানে বহর আধুনিকায়নের পাশাপাশি যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে ৩৭০ কোটি ডলারের চুক্তিতে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এর মধ্যে ছিল ১০টি ড্রিমলাইনার ও চারটি ৭৩৭ ম্যাক্স ৮। এসব উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে।
এদিকে বোয়িংয়ের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও বাংলাদেশের বাজারে রয়েছে। সরকার-নিযুক্ত একটি কারিগরি কমিটি এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রস্তাব পর্যালোচনা করছে।
তুরস্কের ১৫০ বোয়িং
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স বোয়িং থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে।
এর মধ্যে ১০০টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের জন্য সরাসরি ক্রয়াদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন। ঘোষণাটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে প্রায় এক বছর আগে তুরস্কের বিমান সংস্থাটি আরও ২২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল। বর্তমানে তার্কিশ এয়ারলাইন্সের বহরে ৫১৪টি উড়োজাহাজ রয়েছে। ২০২৫ সালে সংস্থাটি ১৩০টির বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে প্রায় ৯ কোটি ২৬ লাখ যাত্রী পরিবহন করেছে।
চীনের ২০০ উড়োজাহাজ কেনার প্রক্রিয়ায় অগ্রগতি
চীনের বিমান সংস্থাগুলোর জন্য বোয়িংয়ের ২০০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি চূড়ান্ত করার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
ফক্স নিউজকে তিনি বলেন, চীনা বিমান সংস্থাগুলোর জন্য বোয়িংয়ের প্রায় ১৪০টি উড়োজাহাজের ক্রয়াদেশ ভালো অবস্থায় রয়েছে। আরও ১০টি উড়োজাহাজের অর্ডার প্রক্রিয়াধীন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে চীন নতুন কোনো বড় ক্রয়াদেশ দেবে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি গ্রিয়ার।
চীনের সম্ভাব্য এ ক্রয়াদেশ প্রায় এক দশকের মধ্যে বোয়িংয়ের জন্য দেশটির সবচেয়ে বড় চুক্তি হতে পারে। এর আগে ট্রাম্প বলেছিলেন, চীন চাইলে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সংখ্যা ৭৫০ পর্যন্ত বাড়াতে পারে।
তবে বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ বড় ধরনের নতুন ক্রয়াদেশ নিয়ে অতিরিক্ত প্রত্যাশা না করার ইঙ্গিত দিয়েছেন। তার ভাষ্য, ভবিষ্যতে আরও কিছু অর্ডার আসতে পারে, তবে চীনের বিমান সংস্থাগুলো নিজেদের সময় ও সিদ্ধান্ত অনুযায়ী তা ঘোষণা করবে।
এয়ার ইন্ডিয়ার ৩০ বোয়িং
ভারতের এয়ার ইন্ডিয়া বোয়িংয়ের কাছ থেকে আরও ৩০টি নতুন উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি ৭৩৭ ম্যাক্স ৮ ও ১০টি ৭৩৭ ম্যাক্স ১০। নতুন অর্ডারের ফলে বোয়িংয়ের কাছে এয়ার ইন্ডিয়ার মোট অর্ডার ২৫০টিতে দাঁড়াবে।
একই সঙ্গে এয়ারবাসের আগের অর্ডারের একটি অংশ পরিবর্তন করে ১৫টি এ৩২১এক্সএলআর কেনার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এসব উড়োজাহাজ ২০২৯ থেকে ২০৩০ সালের মধ্যে সরবরাহের সম্ভাবনা রয়েছে।
এ৩২১এক্সএলআর এয়ারবাসের দীর্ঘপাল্লার একক-আইল উড়োজাহাজ। এগুলো যুক্ত হলে এয়ার ইন্ডিয়ার তুলনামূলক কম চাহিদার দীর্ঘপাল্লার রুটেও ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়তে পারে।
২০২২ সালে টাটা গ্রুপ ভারত সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের পর ২০২৩ সালে এয়ারলাইনটি এয়ারবাসের ২৫০টি ও বোয়িংয়ের ২২০টি উড়োজাহাজের অর্ডার দেয়। পরের বছরও এয়ারবাসের কাছে আরও উড়োজাহাজের অর্ডার দেওয়া হয়।
ফিলিপাইন এয়ারলাইন্সের ১৫ বোয়িং
চলতি বছরের জুলাইয়ে ফিলিপাইন এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে ১৫টি ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করেছে। পাশাপাশি আরও পাঁচটি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
চুক্তির উড়োজাহাজগুলোতে জিই অ্যারোস্পেসের GEnx-1 ইঞ্জিন ব্যবহার করা হবে। নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩১ সাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
প্রায় দুই দশক পর বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কিনছে ফিলিপাইন এয়ারলাইন্স। বর্তমানে সংস্থাটির বহরে এয়ারবাস এ৩৩০, বোয়িং ৭৭৭ এবং নতুন প্রজন্মের এ৩৫০ উড়োজাহাজ রয়েছে।
কেন বাড়ছে বোয়িংয়ের চাহিদা?
বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা বহর আধুনিকায়ন, যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা করছে। এসব কারণে বড় উড়োজাহাজ নির্মাতাদের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার প্রবণতা বাড়ছে।
বাংলাদেশ, তুরস্ক, চীন, ভারত ও ফিলিপাইনের সাম্প্রতিক সিদ্ধান্তে বোয়িং যেমন বড় অর্ডার পাচ্ছে, তেমনি এয়ারবাসও বিভিন্ন দেশের কাছ থেকে বড় ক্রয়াদেশ ধরে রেখেছে। ফলে বৈশ্বিক বাণিজ্যিক বিমানবাজারে বোয়িং ও এয়ারবাসের প্রতিযোগিতা অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স, বিবিসি ও আল-জাজিরা



