ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও বাংলাদেশ) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ডও প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তা প্রকাশের প্রায় আধা ঘণ্টা পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
দীর্ঘ প্রায় ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এরপর ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।



