tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককাস্পিয়ান সাগরে ভেসে গেলেন ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগরে ভেসে গেলেন ১৯ সেনা, নিহত ৯

কাজাখস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় কাস্পিয়ান সাগরে ভেসে গিয়ে নয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। তাঁদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ ঘটনায় তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কীভাবে সেনাসদস্যরা সাগরে ভেসে যান এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতি কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।