দেশের পাঁচ জেলা—পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পটুয়াখালীতে নয় নেতার বাড়িতে হামলা
পটুয়াখালী শহর ও আশপাশের এলাকায় বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। কোথাও কোথাও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে ভবনের দুটি তলার কয়েকটি কক্ষের আসবাব ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পরও তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। সেই থেকে বাড়িটি তালাবদ্ধ ছিল।
একই এলাকার বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে চলে যান।
রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নিরাপত্তার কারণে ওই ভবনের আটজন ভাড়াটিয়া রাতেই অন্যত্র আশ্রয় নেন। আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাত ২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। একই সময়ে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এ সময় বাসার ভেতরে থাকা তাঁর স্ত্রী লুৎফুরনেছা দেড় বছরের সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এ ছাড়া বুধবার দিবাগত রাত ১২টার দিকে আওয়ামী লীগের সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর বাসাসংলগ্ন একটি খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলা চালানো হয়।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শিয়ালি গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের কাঠের সামগ্রী, আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এ ছাড়া বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের বাসভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ অধিকারী বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে মোট কতটি ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি।
ময়মনসিংহে দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার রাতে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত আবদুস ছাত্তার এবং আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া থানা রোড এলাকায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, উপজেলা পরিষদের সামনে মার্কেট ভাঙচুরের স্থান পরিদর্শন করেছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বলতে পারছেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বাসায় ভাঙচুর
চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুর চালানো হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও হামলা চালানো হয়।
ভাঙচুরের শিকার দুটি ভবন হলো জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস। মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায়। ওই তলার কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া ভবনের নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তাপ্রহরীর কক্ষেও ভাঙচুর চালানো হয়।
ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ৫০ থেকে ৬০ জনের একটি দল ভবন এলাকায় আসে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। প্রথমে তারা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে সাঈদা নিবাস নামের ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়।
চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে কিছু কাচের টুকরা পাওয়া গেছে। এ ঘটনায় কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি।
ফেনীতে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে বৃহস্পতিবার ভোর চারটার দিকে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা।
তাঁদের ভাষ্য, বাড়ি ও সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
রহিম উল্লাহ ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি সৌদি আরবের জেদ্দা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁর দোতলা বাড়ির কয়েকটি কক্ষ এবং বাড়ির সামনে রাখা একটি পিকআপের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে নারী ও পুরুষের চিৎকারের শব্দও শোনা যায়।
বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ভোররাতে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। দরজা ভেঙে তাঁরা ভাঙচুর চালান এবং মূল্যবান মালামাল নিয়ে যান। পরে পেট্রল ঢেলে বাড়ির নিচতলার তিনটি কক্ষ ও সামনে থাকা পিকআপের সামনের অংশে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ঘরের খাট, সোফা, চেয়ার ও টেবিল পুড়ে গেছে। পিকআপের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘর থেকে মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
রাজশাহীর বাঘা উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বাড়িটি উপজেলার আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায় অবস্থিত।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। তাঁদের মধ্যে চারজন বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেন এবং দুজন বাইরে অবস্থান করেন। তিনি তাঁদের আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানালে তাঁরা বলেন, অল্প আগুন ধরাবেন, কোনো ক্ষতি হবে না। পরে লোকজন জড়ো হতে দেখে তাঁরা পালিয়ে যান। তাঁদের হাতে পিস্তল ছিল বলেও দাবি করেন তিনি।
বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকুল বলেন, বেলা ১১টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় তিনি বাড়ির নিচে সামান্য আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজনকে ডেকে আগুন নেভানোর ব্যবস্থা করেন। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি দাবি করেন, বিএনপির কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন।
আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, তিনটি মোটরসাইকেলে আসা ছয়জনের প্রত্যেকের হাতে পিস্তল ছিল। তাঁর দাবি, ওই ব্যক্তিরা বিএনপির কেউ নন। শাহরিয়ার আলম নিজেকে রাজনৈতিকভাবে আলোচনায় আনতে ঘটনাটি সাজিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, বাড়ির নিচে সামান্য আগুন লাগানো হয়েছিল। বাড়ির গেটেও আগুন লাগেনি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাঁচ জেলায় সংঘটিত এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তদন্তের কথা জানিয়েছেন।



