কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ব্যক্তিরা।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসভবনে আগুন দেওয়ার একটি খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর কাছে নেই।



