হার্ট বা হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন সরবরাহ প্রয়োজন। হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে কোনো কারণে বাধা সৃষ্টি হলে রক্তপ্রবাহ কমে যায় বা বন্ধ হয়ে যায়। এতে হৃদপেশিতে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়ে হার্ট অ্যাটাক হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হিমেল সাহা বলেন, হার্ট অ্যাটাকের কিছু উপসর্গ রয়েছে, যেগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি গুরুতর হয়ে মৃত্যুও হতে পারে।
হার্ট অ্যাটাকের জন্য আগে থেকেই হৃদরোগে আক্রান্ত থাকা জরুরি নয়। আপাতদৃষ্টিতে সুস্থ ব্যক্তিরও হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে। তাই এর উপসর্গ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। লক্ষণগুলোকে সাধারণ সমস্যা মনে করে হাসপাতালে যেতে দেরি করলে ঝুঁকি বাড়তে পারে।
অস্ট্রেলিয়ার হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ব্যক্তি ও পরিস্থিতিভেদে হার্ট অ্যাটাকের উপসর্গ ভিন্ন হতে পারে। প্রচলিত উপসর্গ হিসেবে বুকে ব্যথা বা চাপ অনুভূত হলেও সবার ক্ষেত্রে তা নাও দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে একটি মাত্র উপসর্গ থাকতে পারে, আবার কারও ক্ষেত্রে একাধিক উপসর্গ দেখা দিতে পারে।
হার্ট অ্যাটাকের সম্ভাব্য উপসর্গের মধ্যে রয়েছে—বুকে চাপ, ব্যথা বা অস্বস্তি; ব্যথা বা অস্বস্তি হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়া; শ্বাসকষ্ট; অস্বাভাবিক ঘাম; বমি বমি ভাব বা বমি; মাথা ঘোরা এবং অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি।
হার্ট ফাউন্ডেশন বলছে, অনেক সময় হার্ট অ্যাটাকের আগে কোনো স্পষ্ট সতর্কতামূলক উপসর্গ নাও থাকতে পারে। এমনকি কোনো ব্যক্তি বুঝতেও নাও পারেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকের পরীক্ষায় বিষয়টি শনাক্ত হলে সেটিকে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’ বলা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, হার্ট অ্যাটাকের সম্ভাব্য কোনো উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। কারণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



