বাঙালির প্রতিদিনের খাবারে ভাতের উপস্থিতি প্রায় অপরিহার্য। মাছ, ডাল, সবজি কিংবা ভর্তার সঙ্গে এক প্লেট গরম ভাত অনেকেরই প্রিয় খাবার। তবে ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনের আশঙ্কায় বর্তমানে অনেকেই সাদা ভাত খাওয়ার পরিমাণ কমাচ্ছেন। কেউ কেউ আবার স্বাস্থ্য ভালো রাখতে ভাত পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সুস্থ থাকতে কি সত্যিই ভাত খাওয়া বন্ধ করতে হবে, নাকি পরিমিত পরিমাণে খেলেও এটি খাদ্যতালিকায় রাখা সম্ভব?
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা ভাত নিজে থেকেই অস্বাস্থ্যকর নয়। তবে প্রয়োজনের তুলনায় বেশি খেলে তা কিছু স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভাতের পরিমাণ ও খাদ্যাভ্যাসের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
সাদা চাল ও বাদামি চালের মধ্যে পার্থক্য
দুই ধরনের চালের প্রধান পার্থক্য হলো প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। বাদামি চাল তৈরির সময় ধানের বাইরের শক্ত আবরণ সরানো হলেও ব্র্যান ও জার্ম অক্ষত থাকে। এসব স্তরে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। অন্যদিকে সাদা চাল তৈরির সময় ব্র্যান ও জার্মও সরিয়ে ফেলা হয়। ফলে এতে ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ তুলনামূলক কমে যায়।
সাধারণত সাদা চালের চেয়ে বাদামি চালে ফাইবার, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও পটাশিয়াম বেশি থাকে। ফাইবারসমৃদ্ধ হওয়ায় বাদামি চাল খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি পাওয়া যেতে পারে।
সাদা ভাত খেলে কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে?
শুধু সাদা ভাত খাওয়ার কারণেই ডায়াবেটিস হয়, এমনটি বলা ঠিক নয়। বংশগত বৈশিষ্ট্য, শরীরের ওজন, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শারীরিক পরিশ্রমসহ বিভিন্ন বিষয় টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিকে প্রভাবিত করে।
তবে সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) তুলনামূলক বেশি হওয়ায় এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে। ২০২২ সালের একটি গবেষণা পর্যালোচনায় অতিরিক্ত সাদা ভাত খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। তবে গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক হওয়ায় সাদা ভাতকে সরাসরি ডায়াবেটিসের কারণ হিসেবে চিহ্নিত করা যায় না।
প্রতিদিন কতটুকু ভাত খাওয়া উচিত?
সবার জন্য ভাতের নির্দিষ্ট পরিমাণ এক নয়। বয়স, ওজন, দৈহিক পরিশ্রম এবং রক্তে শর্করার মাত্রা বিবেচনা করে প্রতিদিনের খাবারের পরিমাণ নির্ধারণ করা উচিত।
শুধু ভাত খেয়ে পেট ভরানোর পরিবর্তে খাবারের সঙ্গে পর্যাপ্ত শাকসবজি, ডাল, মাছ, ডিম কিংবা মাংস রাখা ভালো। এসব খাবারের ফাইবার ও প্রোটিন রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সহায়তা করতে পারে।
ভাত খেলেই কি শরীরের ওজন বেড়ে যায়?
অনেকের ধারণা, সাদা ভাত খেলেই ওজন বাড়ে। তবে বিষয়টি এত সরল নয়। শরীরের প্রয়োজনের তুলনায় নিয়মিত বেশি ক্যালোরি গ্রহণ করলে ওজন বাড়তে পারে। অতিরিক্ত ভাতের পাশাপাশি তেল ও চর্বিযুক্ত খাবার খাওয়া এবং শারীরিক পরিশ্রমের অভাবও ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে।
তবে কিছু শারীরিক সমস্যায় সাদা ভাত উপকারী বিকল্প হতে পারে। যেমন ডায়রিয়া, বমি কিংবা হজমের সমস্যার সময় সাময়িকভাবে কম ফাইবারযুক্ত খাবার প্রয়োজন হলে সাদা ভাত খাওয়া যায়। সহজে হজম হওয়ায় এ ধরনের পরিস্থিতিতে এটি বাদামি চালের চেয়ে উপযোগী হতে পারে।
চালে আর্সেনিকের উপস্থিতি কতটা উদ্বেগের?
ধানগাছ মাটি ও পানিতে প্রাকৃতিকভাবে থাকা আর্সেনিক শোষণ করতে পারে। চালের বাইরের স্তরে এ উপাদানের উপস্থিতি তুলনামূলক বেশি হতে পারে। এ কারণে কিছু ক্ষেত্রে সাদা চালের তুলনায় বাদামি চালে বেশি আর্সেনিক পাওয়া যায়।
চাল ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পানিতে রান্না করে বাড়তি পানি ফেলে দিলে আর্সেনিকের পরিমাণ কিছুটা কমানো সম্ভব। তবে এ পদ্ধতিতে চালের কিছু পুষ্টি উপাদানও নষ্ট হতে পারে।
সবশেষে বলা যায়, সুস্থ থাকার জন্য খাদ্যতালিকা থেকে সাদা ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিমিত ভাত খাওয়া, অন্যান্য পুষ্টিকর খাবারের সমন্বয় এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই গুরুত্বপূর্ণ। যাদের ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ভাতের পরিমাণ নির্ধারণে চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।



