tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ’ বলায় এনা সাহাকে প্রসেনজিতের মনে করিয়ে দেওয়া, ‘বাংলা সিনেমা,...

ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ’ বলায় এনা সাহাকে প্রসেনজিতের মনে করিয়ে দেওয়া, ‘বাংলা সিনেমা, বাংলায় কথা বলো’

কয়েক বছর আগে নির্মিত হলেও নানা জটিলতায় মুক্তি আটকে ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন অভিনীত ‘ডাক্তার কাকু’ সিনেমার। অবশেষে সম্প্রতি প্রেক্ষাগৃহে এসেছে পাভেল পরিচালিত সিনেমাটি। মুক্তির পর সিনেমাটির প্রচারণায় এক মজার মুহূর্তের জন্ম দিয়েছেন প্রসেনজিৎ ও অভিনেত্রী এনা সাহা।

‘ডাক্তার কাকু’ সিনেমায় প্রসেনজিৎ ও ঋদ্ধি সেনের পাশাপাশি অভিনয় করেছেন এনা সাহা ও রজতাভ দত্ত। অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে শুভশ্রী গাঙ্গুলিকে।

সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন এনা সাহা। শুধু প্রযোজক হিসেবেই নয়, সিনেমায় প্রসেনজিতের সহকর্মীর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। বয়সে জুনিয়র সহকর্মীদের সঙ্গে প্রসেনজিতের স্নেহপূর্ণ সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে পরিচিত। এনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি সিনেমার হল ভিজিটের সময় দর্শকদের সঙ্গে কথা বলছিলেন এনা। একপর্যায়ে ইংরেজিতে দর্শকদের ধন্যবাদ জানাতে গেলে পাশে থাকা প্রসেনজিৎ তাকে থামিয়ে বলেন, ‘বাংলা সিনেমা, বাংলায় কথা বলো।’

অভিনেতার এই কথায় বিরক্ত না হয়ে নিজের ভুল মেনে নেন এনা। সঙ্গে সঙ্গে জিভ কেটে নিয়ে তিনি বলেন, ‘সরি! থ্যাঙ্ক ইউ নয়, অনেক ধন্যবাদ।’

প্রসেনজিৎ-এনার এই ছোট্ট মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ প্রসেনজিতের বক্তব্যের প্রশংসা করেছেন। তাদের অনেকেই বাংলা সিনেমার প্রচারণায় বাংলা ভাষা ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য অভিনেতার প্রশংসা করছেন।