জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং জলবায়ুবান্ধব খাতে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন বিশ্বের ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’ শীর্ষক উদ্যোগে সমর্থন জানিয়েছে। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো এবং ভবনে দক্ষ বিদ্যুতায়ন সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপের সুফল মানুষের বসবাসের পরিবেশে দৃশ্যমান হতে হবে। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী আবাসন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো গড়ে তোলাই এখন অন্যতম প্রধান অগ্রাধিকার।
নগরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচি ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতা অংশ নেন। ফোরামের মধ্যেই তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, তুরস্কে সাত হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর এবং বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও দুই দেশ সহযোগিতা করবে।
অন্যদিকে, জলবায়ু অভিযোজন ও শিল্প খাতের কার্বন নিঃসরণ কমাতে অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ও একটি অঞ্চলের জলবায়ু অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব উদ্যোগে গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। বেসরকারি খাতের প্রথম দাতা হিসেবে মিন্ডেরু ফাউন্ডেশন পাঁচ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এ সংকট মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট)-এর প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং নগরাঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশগুলোর ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১।



