রাজশাহীর রাজপাড়া এলাকায় টাকা ভাংতি না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর চন্ডিপুর এলাকা থেকে কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা মাদক সেবনের পর টাকা ভাংতি করতে বারীর দোকানে যায়। তবে বারী ভাংতি টাকা দিতে পারবেন না জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
এর কয়েক ঘণ্টা পর রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে বলে অভিযোগ। প্রথমে তারা মুদি দোকানটির শাটারের তালা ভেঙে ফেলে। পরে দোকানের ভেতরে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন লাগার পর বারীসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।



