tanaka
প্রচ্ছদজাতীয়ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসুন, সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি।

আগামীকাল ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যেককে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এসব জটিলতার ফলে সংক্রমণ, এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। এ জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দেশে ডায়াবেটিসের প্রকোপ ক্রমেই বাড়ছে।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীর শেষাংশে তিনি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।