রাজধানীসহ সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। সাধারণত শীতের শুরুতে এসব সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমতে থাকে। তবে এবার চিত্র ভিন্ন। বাজারে নতুন সবজি এলেও চড়া দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। শুধু সবজি নয়, মাছ, মাংস, ডিম, চাল ও মসলাসহ প্রায় সব নিত্যপণ্যের বাজারেই অস্বস্তি বিরাজ করছে। ফলে বাড়তি দামের চাপে নাকাল সাধারণ মানুষ। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, এখনো শীতের মৌসুম পুরোপুরি শুরু হয়নি। বাজারে শীতকালীন নতুন সবজির সরবরাহও পর্যাপ্ত নয়। আরও কিছুদিন পর বিভিন্ন এলাকা থেকে এসব সবজি বেশি পরিমাণে আসতে শুরু করলে দাম কমতে পারে। এ ছাড়া পরিবহন ব্যয় বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়তে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। সে হিসাবে ডিসেম্বরের দিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
তবে উৎপাদনস্থল থেকে রাজধানীর বাজারে সবজি পৌঁছানোর পথেও দামের বড় ব্যবধান তৈরি হচ্ছে। কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি ঢাকার পাইকারি বাজার হয়ে খুচরা দোকানে পৌঁছাতে কয়েক দফা হাতবদল হয়। এর সঙ্গে যুক্ত হয় ট্রাকভাড়া, জ্বালানি, শ্রমিকের মজুরি, আড়ত ও বাজার ব্যবস্থাপনার খরচ। ফলে ক্ষেতের দামের তুলনায় রাজধানীর খুচরা বাজারে ক্রেতাদের অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিমের দাম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা। পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি শসা ৮০ টাকা ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দেশি রসুনের দাম ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৮ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে হয়েছে ১১০ থেকে ১১৫ টাকা।
মসলাজাতীয় পণ্যের দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে এর দাম ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার ২০০ টাকায়। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়।
এ ছাড়া দেড় মাসের ব্যবধানে প্রতি কেজি লবঙ্গের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি লবঙ্গ কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এক মাসের ব্যবধানে আদার দামও কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে দেশি আদা ১২০ থেকে ১৫০ টাকা এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাওরান বাজারের সবজি বিক্রেতা মিন্টু বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। কয়েক দিন পর সরবরাহ আরও বাড়বে। তখন দাম কমে আসবে। এখনো সব ধরনের শীতকালীন সবজি পুরোদমে বাজারে আসেনি। এ কারণে কিছু সবজির দাম তুলনামূলক বেশি।
মগবাজার এলাকার বিক্রেতা জিয়াউল বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় পরিবহন খরচ বেশি। তাই আগাম সবজি বাজারে এলেও সেই ব্যয় সমন্বয় করে বিক্রি করতে হচ্ছে। তবে শীতের তীব্রতা বাড়লে সবজির সরবরাহ বাড়বে এবং দামও অনেকটা কমে আসবে বলে আশা করছেন তিনি।
আমিষজাতীয় পণ্যের বাজারেও অস্বস্তি
সবজির পাশাপাশি আমিষজাতীয় খাবারের বাজারেও স্বস্তি নেই। বিশেষ করে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। বিক্রেতারা জানিয়েছেন, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা।
কাওরান বাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছিলেন সরকারি চাকরিজীবী মহিউদ্দিন। বাজারের ব্যাগ হাতে রিকশার অপেক্ষায় থাকা এই ক্রেতা বলেন, ‘দামের কথা ভাবতে গেলে তো পণ্য কেনাই হবে না। শীতকাল কিংবা গরমকাল—কোনো পার্থক্য দেখি না। সব সময়ই দাম একই রকম বেশি মনে হচ্ছে।’
মগবাজারের বাসিন্দা গৃহিণী তাসফিয়া বলেন, ‘সরকার যারাই থাকুক, নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ যেন কেউ নিতে চান না। নিম্নমধ্যবিত্ত মানুষ স্বস্তিতে সবজি কিনে খেয়ে-পরে থাকতে চায়। কিন্তু সেসব পণ্যের দামও অন্য জিনিসের মতো চড়া।’
কৃষক কম দাম পেলেও ঢাকায় কয়েক গুণ বেশি
উৎপাদনস্থল ও রাজধানীর বাজারের দামের ব্যবধানের একটি চিত্র পাওয়া গেছে মাগুরার শালিখা উপজেলার আসবা ও বরইচারা গ্রামে। সেখানে আগাম শীতকালীন সবজির ভালো ফলন হলেও উৎপাদন খরচের তুলনায় কম দাম পাওয়ার অভিযোগ করেছেন কৃষকেরা।
আসবা গ্রামের বর্গাচাষি বিধান বিশ্বাস ২৫ কাঠা জমিতে আগাম ফুলকপির আবাদ করেছেন। তিনি জানান, সার, বীজ ও কীটনাশকের দাম বেশি হলেও পাইকারেরা তাঁর ক্ষেত থেকে ফুলকপি ৫ থেকে ১০ টাকা দরে কিনছেন। এতে উৎপাদন খরচও উঠছে না বলে দাবি তাঁর।
অন্যদিকে, উৎপাদনস্থলে ১০ টাকা দরে কেনা একই সবজি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। রাজধানী ঢাকায় পৌঁছানোর পর সেই দাম বেড়ে দাঁড়াচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। অর্থাৎ কৃষকের ক্ষেত থেকে রাজধানীর খুচরা বাজারে পৌঁছানোর মধ্যেই সবজির দামে কয়েক গুণ ব্যবধান তৈরি হচ্ছে।
সব মিলিয়ে শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও তার সুফল এখনো পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। অন্যদিকে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। উৎপাদনস্থল থেকে খুচরা বাজার পর্যন্ত মধ্যস্বত্বভোগী, পরিবহন ও বাজার ব্যবস্থাপনার ব্যয়ের এই ব্যবধানই নিত্যপণ্যের দামের চাপকে আরও বাড়িয়ে তুলছে।



