tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘সবাইকে জেলে ঢোকানো উচিত’, কেন বললেন উরফি জাভেদ?

‘সবাইকে জেলে ঢোকানো উচিত’, কেন বললেন উরফি জাভেদ?

দীপাবলির উৎসব শেষ হতেই দেশের একাধিক শহর ঢেকে গিয়েছে দূষণের চাদরে। বিশেষ করে দিল্লির বায়ুদূষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের আনন্দে দেদার বাজি পোড়ানোর প্রভাব পড়েছে পরিবেশের ওপর। আর এই পরিস্থিতি নিয়েই সরব হলেন ইনফ্লুয়েন্সার ও রিয়্যালিটি শো তারকা উরফি জাভেদ। বাজি পোড়ানোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

নিজের ব্যতিক্রমী ফ্যাশন সেন্স এবং অভিনব ডিআইওয়াই পোশাকের কারণে প্রায়ই চর্চায় থাকেন উরফি। তবে এবার তাঁর আলোচনার বিষয় ফ্যাশন নয়, বরং পরিবেশদূষণ। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বাকিদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁর বক্তব্য, যাঁরা বাজি পুড়িয়ে পরিবেশের ক্ষতি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

দিল্লির পাশাপাশি মুম্বইয়ের বায়ুর গুণমান নিয়েও উদ্বেগ বাড়ছে। দীপাবলির পর দুই শহরেই দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। দিল্লির একাধিক এলাকায় বায়ুর গুণমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে বলে খবর। উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নিয়ম অমান্য করে রাতভর বিভিন্ন জায়গায় বাজি ফাটানো হয়েছে।

শুধু উরফি নন, দীপাবলির পর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি মনে করিয়ে দিয়েছেন, দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পর দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং আতঙ্কিত পশুপাখির সমস্যা সামনে আসে।

ভূমির বক্তব্য, বাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমান আরও খারাপ করে তোলে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশু, প্রবীণ, শ্বাসকষ্টে ভোগা মানুষ এবং পশুপাখিদের ওপর। উৎসবের আনন্দ যেন অন্যের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির কারণ না হয়ে ওঠে, সেই বার্তাই উঠে এসেছে তাঁর বক্তব্যে।