ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মিত্র দেশের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে কোন দেশগুলো এ অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।
শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি জানিয়েছিলেন, ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না। ফলে হামলার হুমকি দেওয়ার পরপরই তা স্থগিত রাখার ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ বিরুদ্ধে পাল্টা সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের চেষ্টা বন্ধ করতেই এ বার্তা দেওয়া হয়েছে।
তবে বাহরাইনে মার্কিন রাডারে হামলার বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা



