শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা অব্যাহত থাকলে দেশের তৈরি পোশাকশিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যেকোনো ধরনের অস্থিরতা বিদেশি ক্রেতাদের (বায়ার) আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সময়মতো নেওয়া অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হলে বিদেশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটতে পারে।
শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
তিনি বলেন, শুধু মজুরি বাড়িয়ে পোশাকশ্রমিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায্য মজুরির পাশাপাশি কারখানায় নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ, শ্রমিক অধিকার, মাতৃত্বকালীন ছুটি এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। একটি সুন্দর ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে এসব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে।
মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিক, শ্রমিক ও সরকারকে আলোচনায় বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, আগে থেকেই মজুরি বোর্ড গঠন করে আলোচনা শুরু করা হলে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি হয়তো এড়ানো সম্ভব হতো। একই সঙ্গে বেতনকাঠামো নির্ধারণের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও জীবনমান এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
ড. নাজনীন আহমেদ বলেন, যেকোনো ধরনের অস্থিরতা বিদেশি ক্রেতাদের আস্থা কমিয়ে দেয়। শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলো সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সহিংসতা সৃষ্টি করে কোনোভাবেই ন্যায্য মজুরি কিংবা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কোনো পক্ষের ইন্ধনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে থাকলে তা মোকাবিলায় মালিক-শ্রমিক, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এখনো শিল্পাঞ্চলে পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিও বাড়ছে। এতে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে দেশের তৈরি পোশাকশিল্পকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই এ খাতের স্থিতিশীলতা বজায় রাখতে যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রতিটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, সেটিকে ইতিবাচক ও শ্রমিকবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি আরও বলেন, শ্রমিকদের চলমান আন্দোলন কতটা স্বতঃস্ফূর্ত, তা নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে তৃতীয় পক্ষের ইন্ধন থাকার অভিযোগও উঠেছে। পোশাক খাতে অস্থিরতা তৈরি করে কোনো অপশক্তি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
রাজনৈতিক স্বার্থে শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।



