রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনে থানা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার আশপাশে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি পার্কিংয়ে থাকা বাসের পাশাপাশি চলন্ত বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজধানীতে সংগঠিত করার তথ্যও পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ককটেল বিস্ফোরণের সময় বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই ঢাকার বাইরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কয়েকজনের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
গোয়েন্দা সূত্রের দাবি, ডিসেম্বরকে কেন্দ্র করে নভেম্বরজুড়েই বিচ্ছিন্নভাবে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং সাংগঠনিক তৎপরতার জানান দেওয়াই এর উদ্দেশ্য। পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে মোটরসাইকেলকে অন্যতম বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে হেলমেট পরে ঘটনাস্থলে যাচ্ছে দুর্বৃত্তরা। দ্রুত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখান থেকে সরে পড়ছে। অনেক ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা স্থান বেছে নেওয়া হচ্ছে। এমনকি ফ্লাইওভারের ওপর থেকেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নাশকতার সময় ধারণ করা ভিডিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও নির্দেশদাতাদের কাছে পাঠানো হচ্ছে। এরপর সংশ্লিষ্টদের অর্থ দেওয়া হচ্ছে বলেও গোয়েন্দা সূত্রের দাবি।
সূত্রগুলো বলছে, এসব নাশকতার পরিকল্পনা দেশের বাইরে থেকে করা হচ্ছে। বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা নির্দেশনা দিচ্ছেন। দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সেগুলো বাস্তবায়ন করছেন। অনেক ক্ষেত্রে মোটরসাইকেলের পেছনে বসে একজন এক হাতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন, অন্য হাতে ভিডিও ধারণ করছেন। সংশ্লিষ্টদের ধারণা, নাশকতার আগে নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রেকি করা হচ্ছে। বাস শনাক্ত করার পর এক পক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়া হয়। পরে অন্য একটি পক্ষ গিয়ে ওই বাসে আগুন দেয়।
গত ১০ জুলাই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। একই সাক্ষাৎকারে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদেরও দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি উঠে আসে। তবে প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি। ওই ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেশে ফেরাকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতার খবর প্রকাশিত হয়।
এর মধ্যে গত ৮ নভেম্বরের পর থেকে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। বিভিন্ন থানা, সিআইডি কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই স্মৃতিসংক্রান্ত স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সড়কের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব নাশকতার ঘটনায় শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত ডিএমপির উত্তরা বিভাগে অন্তত ছয়টি এবং গুলশান বিভাগে পাঁচটি মামলা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সারা দেশে আট দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ, দেয়াললিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ। আগামীকাল রোববার গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে বিদেশে দলটির প্রবাসী শাখাগুলো সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে স্মারকলিপি দেবে।
মঙ্গলবার ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে ‘কালো দিবস’ পালনের ঘোষণা রয়েছে। রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
আটক হচ্ছেন ঢাকার বাইরের নেতাকর্মীরাও
রাজধানীতে ৭ নভেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের অনেকের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
গত ৮ নভেম্বর সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে টিএসসি এলাকায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। রেজাউলের বাড়ি নাটোরে, সোহেল রানার রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।
ওই দিন দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আশরাফুল দাবি করেন, জসিম নামে এক ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে বাধ্য করেন। তার ভাষ্য অনুযায়ী, জসিম মিরপুরের ৭ নম্বর এলাকায় থাকেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে দেখা গেছে।
পরদিন ৯ নভেম্বর সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রাবণের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। অন্যদিকে রবিন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেন শিক্ষার্থীরা। তারা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং জাবির সালেহীন দীপু (২৭)। জামিলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার বাবা মৃত হান্নান আলম মল্লিক এবং মা জাহানারা খাতুন।
অন্যদিকে, দীপুর বাড়ি বাগেরহাটে। তার বাবা জাহিদ হোসেন ও মা সাবিনা আহম্মেদ। তিনি রাজধানীর কলাবাগানের প্রথম লেন এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
একই রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করার সময় পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করে পুলিশ। মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনে বসবাস করেন। পালিয়ে যাওয়া পলাশের বাড়ি মানিকগঞ্জ বলে সাইফুল পুলিশকে জানিয়েছেন।
১০ নভেম্বর দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে দেশীয় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তুসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্দেহভাজন এক কর্মীকে আটক করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা থেকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, আটক ব্যক্তির বাড়ি চাঁদপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
নাশকতা ঠেকাতে নজরদারি জোরদার
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে পরিকল্পিত অপরাধী তৎপরতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করার পাশাপাশি জনসাধারণের সহযোগিতা নেওয়া হচ্ছে। সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন মানবজমিনকে বলেন, রাজধানীজুড়ে নাশকতার ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এসব ঘটনায় কারা ইন্ধন দিচ্ছে এবং কোথা থেকে অর্থের জোগান আসছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’



