ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ে বেশ অনিয়মিত। কাজের ব্যস্ততা কমিয়ে নিজের পছন্দমতো সময় কাটাচ্ছেন তিনি। আর অবসর কাটানোর অন্যতম প্রিয় মাধ্যম হয়ে উঠেছে ভ্রমণ। কখনো দেশের বিভিন্ন প্রান্তে, আবার কখনো বিদেশের নতুন কোনো গন্তব্যে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে।
ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে কখনো পরিবার, কখনো বন্ধুদের বেছে নিলেও একা ঘুরে বেড়াতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। নিজের ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন তিনি।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিতে কালো পোশাক ও সানগ্লাসে ভিন্ন এক সাজে দেখা গেছে তাঁকে। পেছনে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপত্যের অপূর্ব সমন্বয়।
ছবিগুলো প্রকাশের পর তাঁর অবস্থান নিয়ে কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে। জানা গেছে, বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন অভিনেত্রী। তাঁর শেয়ার করা ছবিগুলো দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘নাইন আর্চ ব্রিজ’-এ তোলা।
শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই সেতু। ভ্রমণের সময় কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো পেছনে সেতুটিকে রেখে ক্যামেরাবন্দি হয়েছেন প্রভা।
একটি সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কা ভ্রমণে যান এই অভিনেত্রী। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিওবার্তা প্রকাশ করে একা ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।
ভিডিওতে একা ভ্রমণ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে— একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এ রকম হয়। আর আমার বন্ধুগুলো একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তা ছাড়া ১০০ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’



