রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা একতা আবাসিক এলাকায় গলায় ফাঁস দিয়ে চাঁন মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বন্ধু আরিফ জানান, উত্তর বাড্ডা একতা আবাসিক এলাকার গেট সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন চাঁন মিয়া। ওই ফ্ল্যাটে চাঁন মিয়ার সঙ্গে আরেকজন থাকতেন। আমি সম্প্রতি অন্য বাসায় উঠলেও কিছু মালামাল ওই বাসায় থেকে যায়।পরে ওই মালামাল নিতে বাসায় যাই। বাসার দরজায় অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে, পরে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতরে গিয়ে চাঁন মিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, চাঁন মিয়ার পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল না, ঘটনার পর চাঁন মিয়ার বোনকে মৃত্যুর সংবাদ দেওয়া হলেও তিনি একেবারেই স্বাভাবিকভাবে কথা বলেন। এতে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক সমস্যার কারণেই তিনি এমন পথ বেছে নিয়েছেন।
চাঁন মিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। উত্তর বাড্ডা একতা আবাসিক গেটের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



