মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই সেশনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৬৭ ডলারে উঠেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৭ ডলার বা ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পিভিএমের বিশ্লেষক জন ইভান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাকে জোরালো করছে। তাঁর মতে, এই সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ না হলেও আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে কাতার ও ওমানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে প্রণালিটিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ফলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। সরবরাহ সংকটের এই উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।



