বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের পদ্ধতিই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রার্থীদের আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে হবে। একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এতে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন সিদ্ধান্তের বিষয়ে পরিপত্র জারি করা হবে।
এর ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর প্রচলিত নিবন্ধন ও প্রত্যয়ন পদ্ধতিই আবার কার্যকর থাকছে।



